আগরতলা , ১৬ জুলাই : রাজ্যের প্রধান হাসপাতালগুলিতে যেন সব ধরনের বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা চালু করা যায় তার জন্য রাজ্য সরকার সচেষ্ট । রাজ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাব রয়েছে । তারপরেও কিভাবে এর সুরাহা করা যায় এর জন্য রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে । রাজ্যে দুটি মেডিকেল কলেজ রয়েছে । ডেন্টাল কলেজ স্থাপনের জন্য চেষ্টা করা হচ্ছে । সমগ্র রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে স্বাস্থ্য দপ্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । শনিবার সিপাহীজলা জেলার মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের দুটি পৃথক নতুন ভবনের দ্বারোদঘাটনের পর বক্সনগর নজরুল মঞ্চে আয়োজিত এক সমাবেশে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন ।
উল্লেখ্য , মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৫৫ লক্ষ টাকা ও বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লক্ষ টাকা । এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহিদ মিঞা ও রামচন্দ্র রুদ্রপালের হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেন । সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন , শুধু ডাক্তার ও স্বাস্থ্যকর্মী দিয়ে ঠিক ঠিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া সম্ভব নয় , যতক্ষণ না পর্যন্ত জনগণ আন্তরিক ও স্বতঃস্ফূর্তভাবে এর সাথে যুক্ত হচ্ছেন ।
মুখ্যমন্ত্রী বলেন , বক্সনগরের মানুষের কাছে আজকের দিনটি অত্যন্ত আনন্দের দিন । নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন হয়েছে । এরফলে এখানকার জনগণের স্বাস্থ্য পরিষেবা পেতে সুবিধা হবে । মুখ্যমন্ত্রী বলেন , চিকিৎসার ক্ষেত্রে বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় । চিকিৎসকদের উপর বিশ্বাস রাখতে হবে । বিভিন্ন সময় চিকিৎসক নিগ্রহের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন , অস্থির পরিবেশ তৈরি হলে ডাক্তারবাবুদের পরিষেবা দিতে অসুবিধা হয় । তখন সাহায্যের পরিবর্তে তারা অন্যত্র রেফার করে দায়িত্ব মুক্ত হতে চান । অথচ অনেক ক্ষেত্রে স্থানীয়ভাবেই যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব ।
অনুষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন , মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত । নিজেদের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে । হাসপাতালের যন্ত্রগুলিকে নিজেদের মতো করে ভাবতে হবে । হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের ।
মুখ্যমন্ত্রী বলেন , সরকারের প্রতিটি দপ্তর মানুষের জন্য কাজ করছে । সব দপ্তরেই কর্মসংস্কৃতি বজায় রাখা এবং মানুষের সাথে সম্পর্ককে সঠিক রাখতে হবে । তবেই উন্নয়নমূলক কাজ এবং যথাযথ পরিষেবা দেওয়া সম্ভব । তিনি করোনা প্রতিরোধে কোভিডবিধি মেনে চলতে এবং গতকাল থেকে বিনামূল্যে চালু হওয়া কোভিডের বুস্টার ডোজ নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান । দেশজুড়ে কোভিড মোকাবিলার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ।
মুখ্যমন্ত্রী ডাঃ সাহা এদিন প্রথমে সিপাহীজলার মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন । এরপর তিনি ৩০ শয্যা বিশিষ্ট বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন । মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক । উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী নবনির্মিত দুটি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন । পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী রোগী , এলাকাবাসী , চিকিৎসাকর্মী সহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন ।
বক্সনগর নজরুল মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত । স্বাগত বক্তব্য রাখেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা । তাছাড়াও বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি । উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব ড . দেবাশীষ বসু , বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার , বিশিষ্ট সমাজসেবী কিশোর বর্মণ , সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য্য , সমাজসেবী সুভাষ চন্দ্র সাহা ও রাজ্য হজ কমিটির চেয়ারম্যান মহম্মদ জসীমউদ্দীন ।
Tripurasundari Temple : ত্রিপুরাসুন্দরী মন্দিরে রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন রাজ্যপাল


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন