আমবাসা, ১৬ জুলাই : মিড ডে মিলের খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ল ৪৫ জন ছাত্র। ঘটনা শনিবার ধলাই জেলার লংতরাই ভ্যালি মহকুমার ধন্যরাম কারবাড়ী পাড়া সরকারী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। জানা গেছে অন্যান্য দিনের মতো এদিনও ছাত্রছাত্রীদের মধ্যে মিড ডে মিলের খাবার বিতরণ করা হয়। খাবার খেয়ে কিছুক্ষণ পরেই দেখা যায় বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী বমি হতে শুরু করে । কয়েকজন ছাত্রের বমি কিছুতেই থামছে না দেখে স্কুলের তরফ থেকে তাদের ছামনু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্কুলের তরফ থেকে জানানো হয়, প্রথমে ১০-১২ জন ছাত্রছাত্রীদের মধ্যে অসুস্থতা লক্ষ্য করলে তারা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অন্যান্য ছাত্র-ছাত্রীদের মধ্যেও বমির লক্ষণ দেখা দেয় । তাদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একে একে ছামনু হাসপাতালে চিকিৎসা করা হয় ৪৫ জনের মত ছাত্রছাত্রীর। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা বেশি খারাপ থাকায় হাসপাতালে রেখে চিকিৎসা করানো হচ্ছে । বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
প্রচন্ড গরমের ফলেই মিড ডে মিলের খাবার খাওয়ার পরে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে এই অসুস্থতার লক্ষণ দেখা গেছে । নাকি খাবারে বিষক্রিয়ার ফলে এমনটা হয়েছে, তা পরীক্ষা করে দেখছে প্রশাসন। তবে এই ঘটনায় স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে বেশ উৎকণ্ঠা দেখা দিয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন