আগরতলা, ২১ আগস্ট : রাজ্যের হাসপাতাল গুলিতে রোগীদের প্রবল চাপ থাকা সত্ত্বেও, সেবামূলক মনোবৃত্তি নিয়ে নিরন্তর কাজ করে চলেছেন চিকিৎসকরা। কোভিড-১৯ অতিমারী মোকাবেলায় চিকিৎসকদের অবদান অবিস্মরণীয়। রবিবার আগরতলার আইজিএম হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে 'ভারতীয় জনতা পার্টি ডক্টর্স সেল' এর উদ্যোগে এক রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, রাজ্যের চিকিৎসকরা যাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি হাতে নিয়ে স্বাচ্ছন্দে রোগীদের সেবা করতে পারে, সেই কথাটি মাথায় রেখে সরকার সমস্ত পিএইচসি গুলোকে ওয়েলনেস সেন্টারে পরিণত করার প্রচেষ্টা জারি রেখেছে।
বর্তমান সরকারের সময়কালে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যেই জটিল হৃদরোগের অপারেশন হচ্ছে । কঠিন থেকে কঠিনতর নিউরো অপারেশানের মাধ্যমে ছোট্ট শিশুর প্রাণ বাঁচিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন রাজ্যের চিকিৎসকরা। আগরতলা গভঃ মেডিকেল কলেজে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। রাজ্যে ডেন্টাল কলেজ স্থাপনের প্রক্রিয়া প্রায় অনেকটাই এগিয়ে গেছে। সরকার চাইছে রাজ্যে এইমসের আদলে হাসপাতাল গড়তে। বর্তমান সরকারের সময়কালে বহিঃ রাজ্যের পাশাপাশি জেলা হাসপাতাল গুলি থেকেও রেফারের সংখ্যা কমে গেছে। তিনি বলেন, এর সবটাই সম্ভব হয়েছে রাজ্যের জনগণ এবং চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টায়।
অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাঃ দিলীপ দাস বলেন, যারা রাতদিন এক করে মানুষের চিকিৎসা করেন, তাঁরা যখন মানুষের প্রাণ বাঁচানোর তাগিদে রক্তদান কর্মসূচিতে শামিল হন, তখন তাকে শ্রদ্ধা জানাতেই হয়। স্বাগত বক্তব্য রাখেন ভারতীয় জনতা পার্টি ডক্টর্স সেলের কনভেনার ডাঃ সুশান্ত রায়। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সংগঠনের কো কনভেনার ডাঃ কনক নারায়ন ভট্টাচার্য । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সহ-সভাপতি ডাঃ অশোক সিনহা, আইজিএম হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডাঃ প্রদীপ কুমার দেববর্মা প্রমূখ।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিরা ভারত মাতা এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ধন্বন্তরি বন্দনা পরিবেশন করেন মহিলা চিকিৎসকরা। সবশেষে মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করেন এবং রক্তদাতা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
Industrial Growth Centre : বোধজংনগর শিল্পনগরী পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন