আগরতলা, ০২ আগস্ট : ভারত সরকারের আহবানে স্বাধীনতার অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে রাজ্যেও ১৩ থেকে ১৫ ই আগস্ট 'হর ঘর তিরঙ্গা' অভিযান সফল করতে সব রকমের প্রস্তুতি নিয়েছে সরকার। মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা । তিনি বলেন, দেশ প্রেম জাতীয়তাবোধ ও রাষ্ট্রবাদী চেতনাকে জাগ্রত করার জন্য 'হর ঘর তিরঙ্গা' অভিযান ভারত সরকার হাতে নিয়েছে । মাননীয় প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে এই অভিযান করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে মোদিজীর চিন্তা চেতনায় প্রত্যেক মানুষের মনে দেশপ্রেম ও যাঁরা দেশের জন্য আত্ম বলিদান দিয়েছেন, তাঁদের কথা স্মরণ করার লক্ষ্যে 'হর ঘর তিরঙ্গা' অভিযান হাতে নেওয়া হয়েছে। ত্রিপুরায় ন্যূনতম ৬০ শতাংশ বাড়িতে অর্থাৎ ৪.৮ লক্ষ বাড়িতে যাতে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয় এই লক্ষ্য সরকারের রয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত প্রত্যেক ভিলেজ কমিটি অফিস, পঞ্চায়েত অফিস ও রেশন শপ সহ অন্যান্য জায়গায় ৫ লক্ষ ৩৭ হাজার তিরঙ্গা সরকারিভাবে সরবরাহ করা হয়েছে। প্রত্যেক নাগরিক ন্যূনতম মূল্যে সেখান থেকে তিরঙ্গা ক্রয় করতে পারেন।
মুখ্যমন্ত্রী বলেন, 'হর ঘর তিরঙ্গা' অভিযানকে সফল করতে বিভিন্ন বিদ্যালয়ে প্রচার অভিযান ও সাংস্কৃতিক কর্মকান্ড হাতে নেয়া হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি সেলফি বুথ তৈরি করা হয়েছ। যার সামনে জাতীয় পতাকা সঙ্গে ছবি তুলে একটি বিশেষ ওয়েবসাইটে আপলোড করা যেতে পারে। রাজ্যে যাতে উৎসবের মেজাজে এই কর্মসূচিটি হয় তার জন্য সব রকমের চেষ্টা সরকার করে যাচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ১৩ থেকে ১৫ ই আগস্ট 'হর ঘর তিরঙ্গা' অভিযানকে সফল করতে সরকার জাতীয় পতাকা উত্তোলনের উপর যে আইনগত বিধি-নিষেধ ছিল, তার মধ্যে কিছু সংশোধনী এনেছেন । এতে প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে অনেকটা সহায়ক হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন