বিলোনিয়া, ০৫ আগস্ট : বিলোনিয়ার বরপাথরি ওয়াংছড়া এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ১১ বছরের স্কুল ছাত্রকে বিষাক্ত সাপে ছোবল বসায়। এতে ইমন ত্রিপুরা নামে ঐ স্কুল ছাত্রের মৃত্যু হয়। যথা সময়ে হাসপাতালে না নিয়ে যাওয়ার কারণে ওই শিশুটির অকাল মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে ইমন ত্রিপুরা ঘুমন্ত অবস্থায় চিৎকার করতে থাকে । বাবা-মা ছুটে গেলে সে জানায় কিছু কামড় বসিয়েছে। তখনই তাদের নজর পড়ে ইমনের হাতের কাছে কালো রঙের সাপ। তারা সাপটিকে আঘাত করেননি। ইমন যন্ত্রণায় ছটফট করতে থাকায় তাকে গ্রাম্য ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সম্পর্কে সেই ওঝা ইমনের দাদু। কিন্তু তাতেও কাজ হয়নি।
শেষপর্যন্ত শুক্রবার সকালে অসুস্থ ইমনকে সোনাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শরীরে ২টি ইনজেকশন পুশ করা হয়। পরে বিলোনিয়া হাসপাতালে রেফার করা হয়। কিন্তু বিলোনিয়ায় নিয়ে গেলে ইমনকে মৃত বলে ঘোষণা করা হয়। এদিনই ইমনের পরীক্ষা ছিল। ১১ বছরের ছেলের মৃতদেহ কাঁধে নিয়ে বাবা মায়ের বাড়ি ফিরে যাওয়ার দৃশ্য দেখে কেও চোখে জল আটকে রাখতে পারেনি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন