আগরতলা, ০২ সেপ্টেম্বর : ত্রিপুরা দ্রুত উন্নয়নের দিশায় এগিয়ে চলছে। এখানে উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলেই এটা সম্ভব হচ্ছে। শুক্রবার বোধজংনগর শিল্প নগরীতে উদ্যোগী ভবন এন্ড এক্সিবিশন কাম ইনফরমেশন সেন্টারের উদ্বোধন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, সত্যিকার অর্থে আগামীতে ত্রিপুরার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। প্রতিবেশী বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক তথা আমদানি রপ্তানি আরো বৃদ্ধি করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, সাব্রুমের মৈত্রী সেতুর মাধ্যমে আগামীতে এই অঞ্চলের বাণিজ্যিক দ্বার আরো সম্প্রসারিত হবে। এই সেতুর মধ্য দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন দিগন্ত খুলে যাবে। ত্রিপুরাতে শিল্পের সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, সাব্রুম পর্যন্ত রেল সংযোগ স্থাপনের জন্য রাজ্যের মানুষকে আন্দোলন করতে হয় নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐকান্তিক প্রচেষ্টায় সেটা সম্ভব হয়েছে। এর পাশাপাশি এই অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, টিআইডিসি'র চেয়ারম্যান টিংকু রায় । বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, আগরতলা স্থিত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহম্দ প্রমূখ। এদিনের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিবর্গ উদ্যোগী ভবন এন্ড এক্সিবিশন কাম ইনফরমেশন সেন্টার ঘুরে দেখেন । একই সাথে ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতা দের সঙ্গে কথা বলে উৎসাহ প্রদান করেন মুখ্যমন্ত্রী।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন