আগরতলা, ৩০ মার্চ : মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল বোধজং নগর থানার পুলিশ। রবিবার গভীর রাতে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার পুলিশ আধিকারিক প্রশান্ত দে জানান, বোধজং নগর থানার অধীন সাতমুখিয়া এলাকায় নিয়মিত নাকা চেকিং চলাকালীন একটি সন্দেহভাজন অটোকে আটক করা হয়। এরপর পুলিশ ওই অটোতে তল্লাশি চালালে প্রায় ৮,০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি।
এই ঘটনায় অটোতে থাকা দুই ব্যক্তিকে আটক করে পরে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে একজনের বাড়ি অড়ালিয়া এলাকায় এবং অপরজন সিপাহিজলা জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে অভিযানের সময় অটোর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক চালকের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোমবার ধৃতদের আদালতে পেশ করা হবে এবং তদন্তের স্বার্থে তাদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। এই ঘটনার মাধ্যমে মাদক চক্রের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য যুক্ত হলো বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, রাজ্যে মাদক পাচার রুখতে পুলিশ সম্প্রতি ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে, যার ফলে একের পর এক সাফল্য সামনে আসছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন