আগরতলা ৭ এপ্রিল : ডিস্টেন্স এডুকেশন, অনলাইন এডুকেশন এবং ডিজিট্যাল এডুকেশন শুধুমাত্র প্রথাগত শিক্ষার বিকল্প নয়। এগুলি সমান্তরাল সমানভাবে শিক্ষার একটি গুরুত্বপূর্ন ধারা যা প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি এগিয়ে চলেছে। আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ইন্দিরাগান্ধী ন্যাশন্যাল ওপেন ইউনিভার্সিটি'র (ইগনো) আগরতলা আঞ্চলিক কেন্দ্রের ৩৯তম সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু একথা বলেন।
ইন্দিরা গান্ধী ন্যাশন্যাল ওপেন ইউনিভার্সিটি'র মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় নয়াদিল্লিতে ইগনোর সদর দপ্তরে। ভারতের উপরাষ্ট্রপতি ড. সি পি রাধাকৃষ্ণান সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আগরতলায় ইগনোর আঞ্চলিক কেন্দ্রের অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত ডিজিট্যাল শিক্ষার উপকরণগুলিকে গ্রহণ করে আজীবন শিক্ষার্থী হয়ে ওঠা। এই প্রতিষ্ঠানটি দূরদর্শীতার সঙ্গে প্রযুক্তিকে গ্রহণ করে একটি প্রকৃত গণ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। ইগনোর পাঠক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য ভবিষ্যৎ প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্যপাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেন। তিনি সমাবর্তন অনুষ্ঠানে মেধাবী ছাত্রছাত্রীদের ডিগ্রীসনদ তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইগনোর আগরতলা আঞ্চলিক কেন্দ্রের অধিকর্তা ড. চন্দ্রশেখর পুট্টা। ধন্যবাদ জ্ঞাপন করেন ইগনোর কো-অর্ডিনেটর সম্রাট গোস্বামী। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন