আগরতলা, ০৯ এপ্রিল : উত্তর ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উপনির্বাচনে মোট ৭৯.৮৪ শতাংশ ভোট পড়েছে। ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
এদিনই শেষ হয়েছে অসম, কেরল এবং পুদুচেরি-র বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। তিন জায়গাতেই ভোটারদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিশেষ করে পুদুচেরিতে এবারের ভোটদানের হার ইতিহাস সৃষ্টি করেছে। সেখানে মোট ৮৯.০৮ শতাংশ ভোট পড়েছে, যা সর্বকালের সর্বোচ্চ।
সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অসম এবং পুদুচেরিতে মূল লড়াই হয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে। অন্যদিকে কেরলে প্রধান প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় বামফ্রন্ট এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের মধ্যে।
পরিসংখ্যান অনুযায়ী, কেরলে ২০২১ সালের তুলনায় ভোটদানের হার বেড়েছে। গতবার ৭৪.০৬ শতাংশ ভোট পড়লেও এবারে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭.৩৮ শতাংশে। একইভাবে অসমেও ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে যেখানে ৮২.০৪ শতাংশ ভোট পড়েছিল, এবারে তা বেড়ে হয়েছে ৮৫.০৪ শতাংশ।
উচ্চ ভোটদানে সন্তোষ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, “সমস্ত ভেদাভেদ ভুলে রাজ্যের মানুষ ভোট দিয়েছেন, যাতে তাঁদের রাজ্য সুরক্ষিত থাকে।” তবে ভোটগ্রহণ চলাকালীন কিছু বিচ্ছিন্ন হিংসার ঘটনা ঘটেছে অসমে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য, অসমে টানা দু’বার ক্ষমতায় রয়েছে বিজেপি। এবারের নির্বাচনে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে নিজের অবস্থান ধরে রাখার চ্যালেঞ্জের মুখে হিমন্ত বিশ্বশর্মা। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গৌরব গগৈ-এর নেতৃত্বাধীন কংগ্রেস। বিভিন্ন জনমত সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখা হলেও কংগ্রেসের দাবি, রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে।
রেকর্ড হারে ভোটদানের পর এখন সকলের নজর ফলাফলের দিকে। আগামী ৪ মে প্রকাশিত হবে নির্বাচনের ফল, তখনই স্পষ্ট হবে জনমতের আসল চিত্র।
Ceasefire : মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘর্ষবিরতি, বম্বে শেয়ার বাজারে উল্লেখযোগ্য বৃদ্ধি


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন