আগরতলা, ০২ এপ্রিল : ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত, স্বচ্ছ এবং সহজলভ্য করে তুলতে এক যুগান্তকারী ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (আইএইচএমআইএস) চালুর মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে।
এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আধুনিক ডিজিটাল পরিষেবা চালু করা হবে। ফলে রোগীরা কিউআর কোড স্ক্যান করে সহজেই বহির্বিভাগের টিকিট সংগ্রহ করতে পারবেন এবং তাদের চিকিৎসা সংক্রান্ত তথ্য দ্রুত ও সহজে অ্যাক্সেস করতে পারবেন।
সোমবার (২ মার্চ, ২০২৬) মহাকরণে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে সংশ্লিষ্ট আধিকারিকদের এই প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবশ্রী দেববর্মা, এবিডিএম-এর স্টেট মিশন ডিরেক্টর ডাঃ জি শরথ নায়েক, স্বাস্থ্য অধিকারের হেড অফ অফিস ডাঃ রাজেশ অনিল আচার্য, উপ-অধিকর্তা ডাঃ অলক দেওয়ান সহ অন্যান্য আধিকারিকরা এবং বিইসিআইএল-এর প্রতিনিধিরা।
বৈঠকে স্বাস্থ্য সচিব স্পষ্টভাবে জানান, এই প্রকল্প বাস্তবায়নে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রয়োজনীয় সমস্ত পরিকাঠামো এবং উপকরণ দ্রুত নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উপরও জোর দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৩০ মার্চ এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বিইসিআইএল)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবশ্রী দেববর্মা, এবিডিএম-এর ডাঃ শরথ নায়েক এবং বিইসিআইএল-এর পক্ষ থেকে ঊষা মঙ্গলগি স্বাক্ষর করেন।
আইএইচএমআইএস প্রকল্পের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ডিজিটাল হেলথ রেকর্ড ব্যবস্থা, যার মাধ্যমে প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য অনলাইনে সংরক্ষিত থাকবে। ফলে রোগী যে কোনও সরকারি হাসপাতালে গেলে চিকিৎসকরা পূর্বের চিকিৎসার ইতিহাস সহজেই জানতে পারবেন। এছাড়াও এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সঙ্গে সংযুক্ত, যার মাধ্যমে নাগরিকদের জন্য আভা (ABHA) আইডি তৈরি করা হবে।
এছাড়া কাগজবিহীন পরিষেবা, অনলাইন রেজিস্ট্রেশন, ই-প্রেসক্রিপশন এবং টেলি-মেডিসিন পরিষেবাও চালু করা হবে। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন