ধর্মনগর, ৫ মে : উত্তর ত্রিপুরার ধর্মনগরে উপনির্বাচনের ফল ঘোষণার আনন্দের মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ধর্মনগর পৌর পরিষদের কাউন্সিলার ও যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল কিশোর রায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। একই সঙ্গে ঘটনাটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে রহস্য ও রাজনৈতিক উত্তেজনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপনির্বাচনের ফল ঘোষণার পর গত ৪ মে বিকেলে তিনি বাড়ি ফেরেন। অভিযোগ অনুযায়ী, সেই সময় একদল ব্যক্তি তাঁর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে হামলা চালায়। পরিবারের দাবি, অভিযুক্তরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়।
মৃতের স্ত্রী অনন্যা ভট্টাচার্য্যের দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও হামলাকারীরা তাঁকে মারধর করে মাটিতে ফেলে দেয়। তাঁর বৃদ্ধ শ্বশুর-শাশুড়ীকেও বেধড়ক মারধর করা হয়। কোনোভাবে দরজা বন্ধ করে পরিবার নিজেদের প্রাণ রক্ষা করে। অভিযোগ আরও, ওই রাতেই প্রায় ১টার সময় পুনরায় হামলা চালানো হয় এবং রাহুল কিশোর রায়কে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ধারাবাহিক ঘটনার জেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের দাবি।
পরদিন, ৫ মে ভোরে পরিবারের সদস্যরা তাঁকে বাড়ির বাথরুমে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের অভিযোগ, অভিযুক্তদের ক্রমাগত হুমকি ও হামলার জেরে মানসিক চাপে পড়েই তিনি এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হন।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও প্রাথমিকভাবে গোষ্ঠীদ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধের সম্ভাবনার কথা উঠছে, তবুও এখনও পর্যন্ত পুলিশ কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিস্তারিত তদন্ত চলছে।
এদিকে, এই ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করে জানান, “রাহুল কিশোর রায়ের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।” তিনি আরও আশ্বস্ত করেন যে, মৃতের স্ত্রীর আনিত অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনার পর ধর্মনগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। একদিকে শোক, অন্যদিকে ন্যায়বিচারের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা। এখন নজর তদন্তের অগ্রগতির দিকে।
Assembly Election Result : পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপির জোয়ার, তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের উত্থান


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন