আগরতলা, ৫ জুলাই : আগামী ৯ ও ১০ জুলাই আগরতলার হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬’। এই কনক্লেভকে কেন্দ্র করে আগরতলা জুরে চলছে ব্যাপক প্রস্তুতি। রবিবার অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, এই কনক্লেভ ত্রিপুরার বিপুল বিনিয়োগ সম্ভাবনাকে দেশ-বিদেশের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে।
মুখ্যমন্ত্রী জানান, এই ঐতিহাসিক আয়োজনকে সফল করতে রাজ্য সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তাঁর কথায়, এই কনক্লেভে দেশ-বিদেশের বিনিয়োগকারী, শিল্পপতি, উদ্যোক্তা এবং নীতিনির্ধারকেরা একত্রিত হয়ে ত্রিপুরার শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতির নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
তিনি আরও জানান, এবারের কনক্লেভে দেশ-বিদেশ থেকে ৫০০-রও বেশি উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশগ্রহণ করবেন। গত বছর একটি বেসরকারি হোটেলে সীমিত পরিসরে এই কনক্লেভ অনুষ্ঠিত হলেও তা ব্যাপক সাফল্য অর্জন করেছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবছর সরকার আরও বৃহৎ পরিসরে এই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, এবারের কনক্লেভে রাজ্যের জন্য ১ লক্ষ ১০০ কোটি টাকার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে শিল্প, পর্যটন, তথ্যপ্রযুক্তি, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, রাবার, বাঁশসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে চলমান প্রস্তুতির বিভিন্ন দিক খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে একটি বিস্তারিত পর্যালোচনা বৈঠকে অংশ নিয়ে অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, এই কনক্লেভ ত্রিপুরার অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও বিনিয়োগনির্ভর উন্নয়নের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে এবং এর মাধ্যমে রাজ্যের স্থূল অভ্যন্তরীণ উৎপাদন (জিএসডিপি) বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
এদিনের পরিদর্শন ও পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনারানি সরকার, মুখ্য সচিব জে. কে. সিনহা, রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ এবং বিভিন্ন দপ্তরের সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।
Electric Train Service : আগরতলা-করিমগঞ্জ মেমো (ইলেকট্রিক) ট্রেন পরিষেবার সূচনায় মুখ্যমন্ত্রী


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন