Jal Jeevan Mission : ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি বাড়িতে পানীয়জল পৌঁছে দিতে পর্যালোচনা বৈঠকে নির্দেশ মন্ত্রীর - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Jal Jeevan Mission : ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি বাড়িতে পানীয়জল পৌঁছে দিতে পর্যালোচনা বৈঠকে নির্দেশ মন্ত্রীর

Share This


 আগরতলা , ২১ জুলাই : ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি বাড়িতে জল জীবন মিশনে পরিশ্রুত পানীয়জল পৌঁছে দিতে হবে । এই লক্ষ্য নিয়ে পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের কর্মী এবং আধিকারিকদের কাজ করতে হবে । এক্ষেত্রে বিদ্যুৎ নিগমের সঙ্গে সমন্বয় রেখে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে । বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞাভবনে জল জীবন মিশনের পর্যালোচনা বৈঠকে এই গুরুত্ব তুলে ধরেন পানীয়জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী সুশান্ত চৌধুরী । তিনি বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অগ্রাধিকার তালিকায় জনমুখী যে ৫ টি প্রকল্প রয়েছে তারমধ্যে অন্যতম একটি হচ্ছে জলজীবন মিশন । সারা দেশেই এই প্রকল্পে পানীয়জল পরিষেবা পৌঁছে দিতে কাজ চলছে । দেশের প্রায় ১৯ কোটি পরিবার রয়েছে । তারমধ্যে প্রায় ৯ কোটি পরিবারে পানীয়জল পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে । 




      পর্যালোচনা বৈঠকে পানীয়জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী আরও বলেন , বৈঠকে জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়নে যেসব সমস্যা বা চ্যালেঞ্জ রয়েছে সেগুলি কাটিয়ে এই প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করার লক্ষ্য নিতে হবে । বিদ্যুতের সমস্যা নিরসনের জন্য দপ্তরের আধিকারিকদের সময়ে সময়ে বিদ্যুৎ নিগমের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসতে হবে । যাতে প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া যায় । 


       পানীয়জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী বলেন , জল জীবন মিশন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে দপ্তরের শীর্ষস্তর থেকে যা যা সহায়তা করা দরকার সেটা করা হবে । কিন্তু মাঠে গিয়ে প্রকল্পের বাস্তবায়নের দায়িত্ব জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অন্যান্য সব পদস্থ আধিকারিকদের । কারণ এই মিশনের সফলতা নির্ভর করছে সংশ্লিষ্ট কর্মী আধিকারিকদের উপর । মনে রাখতে হবে আগামী ডিসেম্বরের মধ্যেই রাজ্যের প্রায় সব পরিবারে পানীয়জলের সংযোগ পৌঁছে দিতে হবে । টেন্ডার প্রক্রিয়া বাস্তবায়নও দ্রুতগতিতে সেরে ফেলতে হবে । কারণ টেন্ডার প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণে সংশ্লিষ্ট এজেন্সিগুলি সময় মতো প্রকল্পের কাজ শুরু করতে পারে না ।

 

     পর্যালোচনা সভায় পানীয়জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী বলেন , অ্যাসপিরেশনাল জেলা হিসেবে ধলাই জেলাতে জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন দপ্তরের মন্ত্রী । তিনি জানান , এডিসি এলাকাগুলিতেও বিভিন্ন জায়গায় পানীয়জলের সমস্যা রয়েছে । এজন্য এডিসি প্রশাসনের সঙ্গেও আলোচনা হয়েছে ।  পানীয়জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী বৈঠকে উপস্থিত প্রকল্পের সঙ্গে যুক্ত সংস্থার প্রতিনিধি এবং ঠিকাদারদের উদ্দেশ্যে সময়ের কাজ সময়ে শেষ করার আহ্বান রাখেন । 


       দপ্তরের কর্মী ও আধিকারিকদের উদ্দেশ্যে পানীয়জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী বলেন , আপনারা নিজেদের মধ্যেই একটা সুস্থ প্রতিযোগিতা করুন । কে আগে কাজ শেষ করতে পারবেন সেটাই প্রতিযোগিতার মুখ্য বিষয় হোক । আর যেই জেলা সবার আগে কাজ শেষ করবে সেই জেলাকে পুরস্কৃত করা হবে । তাই জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়নে নিজেদের সেরাটা তুলে ধরুন ।

 



      বৈঠকে পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের সচিব কিরণ গিত্যে আধিকারিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন । কিভাবে দ্রুতগতিতে কাজ সম্পন্ন করা যাবে সেই সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরেন । এর পাশাপাশি বকেয়া কাজগুলি তাড়াতাড়ি শেষ করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন । এদিন বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মুখ্য বাস্তুকার শ্যামলাল ভৌমিক , অধিকর্তা রাজীব মজুমদার , ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের এমডি দেবাশিস সরকার । রাজ্যের ৮ টি জেলা থেকে দপ্তরের আধিকারিকগণ অংশগ্রহণ করেন । উপস্থিত ছিলেন জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার , এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সহ জল জীবন মিশন প্রকল্পে যুক্ত বিভিন্ন এজেন্সির প্রতিনিধিগণ ।




Ganja Smuggling : ১২ কেজি গাঁজা সহ আসাম পুলিশের হাতে আটক এক মহিলা সহ  ২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad