আগরতলা , ০৭ জুলাই : খার্চি পূজা এরাজ্যের এক ঐতিহ্যবাহী উৎসব । সম্প্রীতির উৎসব হচ্ছে খার্চি । আজ থেকে পুরান হাবেলীর চতুর্দশ দেবতার মন্দিরে ৭ দিনব্যাপী শুরু হয়েছে খার্চি পূজা । আজ একটি পবিত্র ও শুভ তিথি । এই তিথিতেই সকলের সুখ ও সমৃদ্ধির কামনায় চতুর্দশ দেবতার বাৎসরিক পূজার আয়োজন করা হয় । বৃহস্পতিবার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে খার্চি উৎসব , মেলা ও প্রদর্শীর উদ্বোধন করে জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া একথা বলেন । তথ্য ও সংস্কৃতি দপ্তর , ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেড ও খার্চি মেলা কমিটির যৌথ উদ্যোগে খার্চি উৎসবের আয়োজন করা হয়েছে ।
খার্চি উৎসবের উদ্বোধন করে জনজাতি কল্যাণমন্ত্রী শ্রী রামপদ জমাতিয়া বলেন , আমরা সকলেই চতুর্দশ দেবতার আশির্বাদে ধন্য । খার্চির আলোক শিখার স্পর্শে আমাদের সম্প্রীতি আরও সুদৃঢ় হয় । চতুর্দশ দেবতার আশির্বাদে রাজ্যের বিকাশে সরকার বহুমুখী কর্মসূচি নিয়েছে । পুরাতন হাবেলীর চতুর্দশ দেবতার মন্দিরের উন্নয়নেও নেওয়া হয়েছে পরিকল্পনা । জনজাতি কল্যাণ মন্ত্রী আশা প্রকাশ করে বলেন , রাজ্যের বিকাশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি মৎস্যমন্ত্রী প্রেম কুমার রিয়াং খার্চি উৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উৎসবের আনন্দ উপভোগ করার আহ্বান জানান । তিনি বলেন , খার্চি উৎসব সকলের জন্য আশির্বাদস্বরূপ । তিনি আশা প্রকাশ করেন জাতি - ধর্ম নির্বিশেষে সকলে এই উৎসবের আনন্দ উপভোগ করবেন ।
খর্চি উৎসব ও মেলা কমিটির চেয়ারম্যান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন । তিনি বলেন , যে গত দু’বছর আমরা করোনা ভাইরাসের এক গহীন অন্ধকারের কবলে ছিলাম । লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা সেই অন্ধকার থেকে মুক্ত হতে পেরেছি । চতুর্দশ দেবতার কাছে আমাদের সকলের কামনা থাকবে এমন অন্ধকার যুগ যেন আমাদের জীবনে আর না আসে । তিনি বলেন , পরিস্থিতি যাই হোক না কেন আমরা সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে নেশামুক্ত ত্রিপুরা গড়ে উন্নয়নের কাজে ব্রতী হবো । কোন কু প্রভাবে বা গুজবে আমরা অনুপ্রাণিত হবো না ।
অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তড়িৎ কান্তি চাকমা , জিরানীয়া । মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য প্রমুখ । অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীগণ । উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ বিভিন্ন প্রদর্শনী স্টলগুলি উদ্বোধন ও পরিদর্শন করেন ।
Greetings on the start of Kharchi Puja. May the blessings of Chaturdash Devata always remain upon us. May everyone be blessed with wonderful health, success and prosperity.
— Narendra Modi (@narendramodi) July 7, 2022
উল্লেখ্য , এদিন খার্চি উৎসবের সূচনা লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন । শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন , “ আজ থেকে শুরু হয়েছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা । চতুর্দশ দেবতার কাছে আমি সকলের জন্য আশির্বাদ চাইছি । সেই সাথে প্রত্যেকের সুস্বাস্থ্য , সফলতা ও সমৃদ্ধি কামনা করছি ” ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন