নতুন দিল্লী, ২২ জুলাই : দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল প্রথম থেকেই শ্রীমতি মুর্মুর পক্ষে যাচ্ছিল। বৈধ ভোটের ৫৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানাতে প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে যান। তার আগে টুইট করে শ্রী মোদী বলেন যখন দেশের ১৩০ কোটি মানুষ আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন করছেন সেই সময় একজন আদিবাসী কন্যা দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, যা এক নতুন ইতিহাস তৈরী করল।
I would like to thank all those MPs and MLAs across party lines who have supported the candidature of Smt. Droupadi Murmu Ji. Her record victory augurs well for our democracy.
— Narendra Modi (@narendramodi) July 21, 2022
শ্রীমতি মুর্মুকে সমর্থনের জন্য প্রধানমন্ত্রী সব সাংসদ ও বিধায়কদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর জীবন, সংগ্রাম, সেবা ও সাফল্য প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করবে। পরে প্রধানমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে তাঁকে অভিনন্দন জানান। স্বরাষ্ট্র মন্ত্র অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জে পি নাড্ডা প্রমুখও শ্রীমতি মুর্মুর বাড়িতে যান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর দেশের পঞ্চদশ রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন। মুম্বাইয়ে বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, স্বাধীনতার ৭৫ বছরে কোনো আদিবাসী মহিলা প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের কাছে অত্যন্ত গৌরব ও সম্মানের।
এদিকে বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহাও তাঁর প্রতিদ্বন্দ্বীকে জয়ের জন্য অভিনন্দিত করেছেন। শ্রীমতি মুর্মু কোনোরকম ভয় ভীতি বা পক্ষপাত ছাড়াই সংবিধানের রক্ষক হিসাবে কাজ করবেন বলেও শ্রী সিনহা আশা প্রকাশ করেন। তাঁকে জোটের প্রার্থী মনোনীত করায় শ্রী সিনহা বিরোধী দলগুলিকেও ধন্যবাদ জানান। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী প্রমুখ বহু বিশিষ্ট ব্যক্তি শ্রীমতি মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছাবার্তা এসেছে বিদেশ থেকেও।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন