নতুন দিল্লী, ০৮ জুলাই : উপরাষ্ট্রপতি, এম ভেঙ্কাইয়া নাইডু, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি ভারত-জাপান সম্পর্ককে মজবুত করতে শিন জো আবের ভূমিকার কথা স্মরণ করেন। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিন জো আবের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শিন জো আবের নিধনে গভীর শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও।
বিশ্ব নেতারাও তাঁদের শোক বার্তা দিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিস বলেন, তাঁর দেশ জাপানের মানুষের পাশে রয়েছে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেন লুং এক ফেসবুক পোস্টে আবের উপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি শিন জো আবে'কে সিঙ্গাপুরের ভাল বন্ধু বলে উল্লেখ করেছেন। শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনও।
উল্লেখ্য, জাপানে এক প্রচার সভায় বক্তব্য রাখছিলেন শিনজো আবে। তখনই তাঁকে গুলি করা হয়। গুলিবিদ্ধ শিনজো আবে যাবতীয় লড়াইকে হারিয়ে এদিন প্রয়াত হন। এই গুলি চালানোর ঘটনায় পুলিশ আটক করে একজনকে। ধৃতের নাম ইয়ামাগামি তেতসুয়াক, বয়স ৪১। জাপানের নৌসেনায় সে বহু বছর কর্মরত ছিল বলে জানা যাচ্ছে। এই বন্দুকবাজ পিছন থেকে এসে গুলি করে আবেকে। তবে কেন সে এই কান্ড ঘটালো এই রহস্য উন্মোচনের জন্য তাকে জেরা করে যাচ্ছে জাপান পুলিশ ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন