আগরতলা, ০৪ সেপ্টেম্বর : শুধুমাত্র রক্তদান শিবির নয়, সকল ক্ষেত্রেই সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে ক্লাবগুলোকে। যাতে ক্লাবগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ে। আজ আগরতলার হারাধন সংঘে এক রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, মানুষ অসুবিধা ও বিপদে পড়লেই জমি জমা বিক্রি করে । আর বিশেষ প্রয়োজনেই কেউ তা ক্রয় করে। কিন্তু এর মধ্যে ক্লাবগুলি কেনাবেচা উভয় ক্ষেত্রেই অর্থ চায়। এই বিষয়গুলো যখন সামনে আসে তখন বড় দুঃখ লাগে।
মুখ্যমন্ত্রী আরো বলেন, সমাজের প্রতি দায়বদ্ধ এমন ভালো মানুষদের ক্লাবের দিকে আকৃষ্ট করতে হবে। সমাজ পরিবর্তনে ক্লাবগুলির বিশাল ভূমিকা রয়েছে। সমস্ত অংশের মানুষের বিশ্বাস অর্জন করতে হবে ক্লাবগুলিকে। যাতে মানুষ নিরাপদে থাকতে পারে।সেবামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে সামাজিক সংস্থাগুলিকে।
মুখ্যমন্ত্রী নেশা বিরোধী অভিযানে ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান রেখে বলেন, স্বেচ্ছা রক্তদান ও অন্যান্য সামাজিক কাজকর্মের পাশাপাশি নেশার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ক্লাবগুলিকে। সকলে মিলে নেশার বিরুদ্ধে নজরদারি বাড়াতে হবে। আইন শৃঙ্খলা নিয়ে কোন আপোষ করবে না সরকার। নেশার বিরুদ্ধেও কোন প্রকার আপোষ হবে না।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, বর্তমান সময়ে ক্লাবগুলোর প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গীর আমুল পরিবর্তন এসেছে । আগে ক্লাবগুলোকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্কের ভাবনা ছিল, তা এখন আর নেই । তিনি মুমূর্ষু মানুষের জীবন রক্ষায় স্বেচ্ছা রক্তদানে আরো এগিয়ে আসার আহ্বান রাখেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক সুরজিৎ দত্ত, আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার প্রমূখ। উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ এলাকার বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানের প্রারম্ভে মুখ্যমন্ত্রী রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাঁদের উৎসাহ প্রদান করেন।
MSSSKA Program : মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব , সুস্থ কৈশোর অভিযানের তৃতীয় পর্যায়ের উদ্বোধন


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন