![]() |
| আগরতলার মহারাজা বীরবিক্রম কলেজ লেইক পুনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। |
আগরতলা, ১০ অক্টোবর : শহর আগরতলাকে স্মার্ট সিটি রূপে গড়ে তোলার পাশাপাশি ত্রিপুরাকে স্মার্ট রাজ্য হিসেবে গড়ে তোলার কাজ করছে রাজ্য সরকার। আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে দীর্ঘ বছরের পুরনো অবৈজ্ঞানিক প্রয়প্রণালী ব্যবস্থা সহ অন্যান্য নাগরিক পরিষেবা সম্পূর্ণভাবে নতুন করে গড়ে তোলার কাজ চলছে। আজ আগরতলার মহারাজা বীরবিক্রম কলেজ লেইক পুনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী ফলক উন্মোচন করে প্রকল্পগুলির উদ্বোধন করেন। তিনি এমবিবি কলেজের সায়েন্স বিল্ডিং প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন।
কলেজ লেইক পুনরুজ্জীবন বা সৌন্দর্যায়ণ প্রকল্পে ৩১ একর জয়গা জুড়ে প্রায় ৭০ হাজার নানা প্রজাতির গাছ লাগানো হয়েছে। লেইকের জলের উপর পেন্টন ব্রিজ তৈরী করা হয়েছে। তাছাড়া কাফেটোরিয়া, ওপেন জিম, শিশুদের খেলার জায়গা, স্কাল্পচার, ফুডকোর্ট ফাউন্টেন প্লাজা, যোগা কেন্দ্র সহ বিভিন্ন সুযোগ সুবিধা গড়ে তোলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কাজ রূপায়ণ করছে। আগরতলা শহরের উন্নয়নে প্রয়প্রণালী ব্যবস্থা সহ লিংক রোড তৈরী, লাইট হাউজ প্রজেক্ট গড়ে তোলা হচ্ছে। আগরতলায় আরেকটি উড়াল পুল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, বিগত কয়েক দশক ধরে এমবিবি কলেজ লেক সংলগ্ন স্থানগুলিতে অনেক সময়ই অসামাজিক কাজ হত। বর্তমান সরকার এই এলাকায় বিভিন্ন প্রকল্প রূপায়ণের মাধ্যমে এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। এই জায়গাটি বৃদ্ধ বৃদ্ধা সহ প্রতিটি মানুষের প্রাতভ্রমণের, শিশুদের খেলার, ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। শিক্ষা, সাহিত্য, ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে এমবিবি কলেজের ছাত্রছাত্রীদের রাজ্যে ও রাজ্যের বাইরে সুনাম রয়েছে। এই জায়গাটিরও বিশেষ ঐতিহ্য রয়েছে। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রাজন্য স্মৃতি বিজরিত স্থানগুলির পুনরুদ্ধার করে নতুন রূপ দেওয়া হচ্ছে।
প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঠিক পরিকল্পনার মাধ্যমে আমাদের দেশকে বিশ্ব মানচিত্রের শীর্ষে নিয়ে যাওয়ার কাজ করছেন। রাজ্য সরকারও প্রধানমন্ত্রীর পরামর্শে রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার কাজ করছে। তবে মানুষের সহযোগিতা ছাড়া রাজ্য সরকারের একার পক্ষে সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব নয়। তাই রাজ্য সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে মুখ্যমন্ত্রী সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার কলেজ লেইক সৌন্দর্যায়ণে রূপায়িত বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, আগরতলা শহরের জল নিকাশী ব্যবস্থার উন্নয়নে ১৭টি জায়গায় নতুন পাম্প মেশিন বসানো হয়েছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার ত্রিপুরাকে নতুন ভাবে গড়ে তোলার কাজ করছে। কলেজ লেইকের সৌন্দর্যায়ণ তারই অঙ্গ। তিনি রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং। স্বাগত বক্তব্য রাখেন আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও ডা. শৈলেশ যাদব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, পুরনিগমের ইস্ট জোনের চেয়ারম্যান সুখময় সাহা, রাজ্যের এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, পুরনিগমের সিইও দিলীপ কুমার চাকমা, আগরতলা স্মার্টসিটি লিমিটেড এডভাইজারি কমিটির চেয়ারম্যান ডা. দিলীপ দাস প্রমুখ। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ কলেজ লেক এলাকা ঘুরে দেখেন। উল্লেখ্য, বিভিন্ন প্রকল্প রূপায়ণে ৩৩ কোটি টাকা ব্যয় হয়েছে।
Crime News : সোনামুড়ায় শ্বশুরের দায়ের কোপে স্ত্রী ও পুত্রবধূ গুরুতর জখম


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন