Fresher’s Welcome : আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতালের নবীনবরণ উৎসবে মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Fresher’s Welcome : আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতালের নবীনবরণ উৎসবে মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ১১ ফেব্রুয়ারি : একজন চিকিৎসককে প্রতিনিয়ত ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে নিজেকে একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। চিকিৎসক হিসেবে যে যত বেশি চ্যালেঞ্জ নিয়ে চিকিৎসা করবে তিনি ততো বেশি অভিজ্ঞ চিকিৎসক হতে পারবেন। ছাত্রছাত্রীদেরও নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। গতানুগতিকতার বাইরে গিয়ে নিজেকে আপ টু ডেট রাখতে হবে। চিকিৎসা বিদ্যায় শেখার শেষ নেই, জানারও শেষ নেই। বুধবার আগরতলার মুক্তধারা অডিটরিয়ামে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতালের উদ্যোগে ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ বর্ষের নবাগত ছাত্রছাত্রীদের নবীনবরণ উৎসব 'সিনারজি' ১.০ অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।


মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি কলেজের জুনিয়র ছাত্রছাত্রীদের নিজেদের থেকে সিনিয়র ছাত্রছাত্রীদের সবসময় সম্মান দিয়ে চলতে হবে। ঠিক তেমনিই সিনিয়র ছাত্রছাত্রীদেরও তাদের থেকে জুনিয়র ছাত্রছাত্রীদের স্নেহ দিয়ে আগলে রাখতে হবে। সেই ক্ষেত্রে কলেজগুলিতে পড়াশোনার সুন্দর পরিবেশ গড়ে উঠে এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠে। মুখ্যমন্ত্রী দন্ত চিকিৎসাবিদ্যার ব্যবহারিক নানা বিষয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, ভালো দন্ত চিকিৎসক হতে হলে এনাটমি, ওরাল সার্জারি, ওরাল প্যাথোলোজি বিষয়ে ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এছাড়াও একটা ক্লিনিক্যাল আই থাকতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরীক্ষা পে চর্চায় ছাত্রছাত্রীদের সবসময় নিজেকে চাপ মুক্ত রেখে পড়াশোনায় নিয়োজিত থাকতে পরামর্শ দেন এবং শিক্ষার সাথে প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করার পরামর্শ দেন।


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আর্থিকভাবে দুর্বল মেধাবী ছাত্রছাত্রীরা অতীতে রাজ্যের বাইরে গিয়ে বিডিএস পড়ার তেমন সুযোগ পেত না। বর্তমানে রাজ্যে গভর্নমেন্ট ডেন্টাল কলেজে বিডিএস কোর্স করার ৬৩টি আসন রয়েছে। রাজ্য সরকার আগরতলার গভর্নমেন্ট ডেন্টাল কলেজকে দেশের অন্যতম শ্রেষ্ঠ ডেন্টাল কলেজের পরিণত করতে চায়। এই কলেজের শিক্ষার পরিকাঠামো বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় পিএম ডিভাইন প্রকল্পের মাধ্যমে ২০২ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ডেন্টাল কোর্সের অধ্যয়নরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাদের শিক্ষার পাশাপাশি চিকিৎসক হয়ে সব সময় নিজেদের সেবামূলক কাজে যুক্ত থাকার পরামর্শ দেন।


অনুষ্ঠানের সম্মানিত অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজটি দন্ত চিকিৎসাবিদ্যা প্রদানের ক্ষেত্রে দেশের মধ্যে সুনাম অর্জন করেছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় মাত্র ৯ মাসে রাজ্যে এই ডেন্টাল কলেজ স্থাপিত হয়েছে। মুখ্যমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন রাজ্যকে একটি মেডিক্যাল এডুকেশন হাব হিসেবে গড়ে তুলতে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. দেবাশ্রী দেববর্মা এবং মেডিক্যাল এডুকেশন দপ্তরের অধিকর্তা ডা. হরপ্রসাদ শর্মা। স্বাগত বক্তব্য রাখেন আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ডা. শালু রায়। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের একাডেমিক ইনচার্জ ডা. পূজা দেবনাথ। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।





Drugs Trafficking : জিরানীয়ার পর এবার শিরোনামে আগরতলা রেলস্টেশন, এক্সপ্রেস ট্রেনের পার্সেল ভ্যানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad