আগরতলা, ২২ মার্চ : রাজ্যের বিভিন্ন এলাকায় মাদক ও অবৈধ সামগ্রীর বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। রবিবার আমতলী পশ্চিম নোয়াবাদি এবং গাবতলী এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও অবৈধ আতশবাজি উদ্ধার হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে, পাশাপাশি তদন্ত জোরদার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোধজং নগর থানার একটি দল গোপন সূত্রে খবর পেয়ে আমতলী পশ্চিম নোয়াবাদি এলাকায় অভিযান চালায়। সেখানেই দীপেন দত্ত নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় ১১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা। অভিযুক্ত দীপেন দত্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এ বিষয়ে থানার পুলিশ আধিকারিক প্রশান্ত কুমার দে জানান, গোটা চক্রটির সন্ধানে তদন্ত এগোচ্ছে এবং এর সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চলছে।
অন্যদিকে, পি.আর. বাড়ী থানার পুলিশের তৎপরতায় গাবতলী এলাকায় উদ্ধার হয় বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩২ কার্টন আতশবাজি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এগুলি অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল।
এই ঘটনায় ভারতীয় ন্যায়বিচার সংক্রান্ত বিধি অনুযায়ী BNSS-এর ১০৬ ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা, জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন যেকোনও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান চলবে।
পুলিশের এই জোড়া সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন