আগরতলা, ১৮ মার্চ : টিটিএএডিসি নির্বাচনের ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ হয়েছে ১২ এপ্রিল, ২০২৬। রাজ্য নির্বাচন কমিশনার গত ১৭ মার্চ, ২০২৬ তারিখে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে টিটিএএডিসি'র ভোট গ্রহণের তারিখ ১৩ এপ্রিল, ২০২৬ বলে ঘোষণা করেছিলেন। কিন্তু ১৩ এপ্রিল, ২০২৬ তারিখে রাজ্যের জনজাতি সম্প্রদায়ের গড়িয়া পূজা, বিজু, বুইসু উৎসব থাকায় ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং অবশেষে একটি প্রস্তাবের মাধ্যমে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ১৩ এপ্রিল, ২০২৬-এর পরিবর্তে ১২ এপ্রিল, ২০২৬ তারিখে ভোটগ্রহণের তারিখ পুনর্বিবেচনা করার জন্য প্রস্তাব করা হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন এনজিও কমিশনকে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনা করতে অনুরোধ জানানোর ফলেই, এক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে, পূর্বের সিদ্ধান্ত পরিবর্তনের ঘোষণা দেয় রাজ্য নির্বাচন দপ্তর।
আজ প্রকাশিত নোটিফিকেশনের উল্লেখ করা হয়, টিটিএএডিসি-র অনেক এলাকাতেই গড়িয়া পূজা, বিজু, বুইসু উৎসবগুলি জনপ্রিয়ভাবে পালিত হয়। যেহেতু কমিশন নির্বাচনে সকল সম্প্রদায়ের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করতে চায়, তাই সকল দিক বিবেচনা করে, আসন্ন টিটিএএডিসি নির্বাচনের নতুন ভোটগ্রহণের তারিখ এখন ১২ এপ্রিল, ২০২৬ নির্ধারণ করা হয়েছে। ১৭ মার্চ, ২০২৬ তারিখের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লিখিত বাকি সময়সূচি অপরিবর্তিত থাকবে।
নির্বাচন নির্ঘণ্ট অনুযায়ী আজ ১৮ মার্চ থেকে রিটার্নিং অফিসারগণ পাব্লিক নোটিশ ইস্যু করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হল ২৫ মার্চ, ২০২৬। ২৬ মার্চ, ২০২৬ মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ, ২০২৬। ১২ এপ্রিল, ২০২৬ এডিসি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। যদি প্রয়োজন হয় তাহলে রি-পোল/ফ্রেশ পোল অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল, ২০২৬। ভোট গণনা শুরু হবে ১৭ এপ্রিল, ২০২৬ সকাল ৮টা থেকে। ১৮ এপ্রিলের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন