আগরতলা, ০৪ এপ্রিল : তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন রামকৃষ্ণপুর এডিসি ভিলেজের জুমবাড়ি এলাকায় শুক্রবার গভীর রাতে বন্য দাঁতাল হাতির হামলায় মর্মান্তিকভাবে মৃত্যু হয় মনিমালা দেববর্মা (৬৯/৭০)-র। নিজ বাড়িতেই এই দুঃখজনক ঘটনা ঘটায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ঘটনার প্রতিবাদে শনিবার সকালে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মৃতদেহ নিয়ে মুঙ্গিয়াকামী বাজার এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। ফলে দীর্ঘ সময় ধরে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে মহকুমা বন আধিকারিক ধীরেন কলই বিক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন। পরে স্থানীয় তিপ্রামথা নেতারা হস্তক্ষেপ করে তাঁকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। একই সঙ্গে কিছু উত্তেজিত যুবকের বিরুদ্ধে ফরেস্ট বিট অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।
এদিকে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হিরণ্ময় রায় ও নরেন চক্রবর্তী আক্রান্ত হন বলে অভিযোগ। বিশেষ করে নরেন চক্রবর্তীকে মারধরের ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
অন্যদিকে, এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, এটি একটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা এবং প্রশাসন সবরকম সহায়তা প্রদান করবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন