TTAADC Election : বিজেপির সংকল্প পত্র প্রকাশ, টিটিএএডিসি নাম পরিবর্তন সহ উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

TTAADC Election : বিজেপির সংকল্প পত্র প্রকাশ, টিটিএএডিসি নাম পরিবর্তন সহ উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি

Share This


 আগরতলা, ০৫ এপ্রিল : আসন্ন ত্রিপুরা উপজাতি স্ব-শাসিত জেলা পরিষদ (Tripura Tribal Areas Autonomous District Council) নির্বাচনের প্রাক্কালে রবিবার প্রদেশ বিজেপি তাদের সংকল্প পত্র প্রকাশ করল। খুমুলুঙে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সংকল্প পত্র প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী বিকাশ দেববর্মা, সান্তনা চাকমা, টিংকু রায়, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।


সংকল্প পত্রে বিজেপি দাবি করেছে, দীর্ঘদিনের বামফ্রন্ট শাসনে রাজ্যের জনজাতি সমাজ শিক্ষা, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর দিকনির্দেশনায় রাজ্যে উন্নয়নের ধারা জোরদার হয়েছে বলেও উল্লেখ করা হয়।


সংকল্প পত্রে জনজাতি ভাষা ও সংস্কৃতির সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ককবরক ভাষা সহ সমস্ত জনজাতি ভাষার মর্যাদা বৃদ্ধি, প্রথাগত আইন রক্ষায় কাস্টমারি কোর্ট গঠন এবং ভিলেজ কমিটিগুলিকে গণতান্ত্রিকভাবে পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি জনজাতি মহিলাদের আর্থিক ক্ষমতায়নে প্রতিটি জোনে হস্ততাঁত ও কারুশিল্প প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।


শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেও একাধিক ঘোষণা করা হয়েছে। জনজাতি অধ্যুষিত এলাকায় ছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণ এবং ধলাই জেলায় একটি অত্যাধুনিক মেডিক্যাল কলেজ স্থাপনের কথা বলা হয়েছে। একই সঙ্গে খুমলুঙে আধুনিক ফুটবল একাডেমি ও মার্শাল আর্টস একাডেমি গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।


গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে স্মার্ট পঞ্চায়েত গঠন, গ্রামীণ বাজারকে শহরে রূপান্তর, বিদ্যুতায়ণ, পানীয় জল সরবরাহ ও সোলার লাইট স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাকা ঘর প্রদান, বনধন যোজনায় বনজ পণ্যের বিপণন এবং রাবার চাষে সহায়তা করার কথাও উল্লেখ করা হয়েছে।


সংকল্প পত্রে আরও জানানো হয়, বর্তমান TTAADC-র নাম পরিবর্তন করে “Tripura Autonomous Territorial Council (TATC)” করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জনজাতি সংস্কৃতি, ইতিহাস ও সাহিত্য চর্চার জন্য বীর বিক্রম মানিক্য জনজাতি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।


আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিতব্য এই নির্বাচনে বিজেপি সকল আসনে জয়ের ব্যাপারে আশাবাদী। দলীয় নেতৃত্ব ভোটারদের কাছে পদ্ম চিহ্নে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।






Tragic Incident : তেলিয়ামুড়ায় বন্য হাতির হামলায় বৃদ্ধার মৃত্যু, ক্ষোভে অবরোধে উত্তাল এলাকা - ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad