Food and Civil Supplies : রাজ্যে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত, অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Food and Civil Supplies : রাজ্যে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত, অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

Share This


 আগরতলা, ১৪ মে :
রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কোনও ধরনের সংকট নেই বলে স্পষ্ট জানালেন খাদ্য ও ক্রেতাস্বার্থ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জনগণকে অযথা আতঙ্কিত না হয়ে পেট্রোল পাম্পগুলিতে ভিড় না বাড়ানোর জন্য আহ্বান জানান।


সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, খাদ্য দপ্তরের শীর্ষ আধিকারিক, তেল সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের মজুত পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে জানানো হয়, রাজ্যের ১৪৯টি পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে এবং রান্নার গ্যাস তথা এল.পি.জি.-এরও কোনও ঘাটতি নেই। ফলে বর্তমানে জ্বালানির উপর রেশনিং ব্যবস্থা চালুর কোনও প্রয়োজন নেই।


মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হলেও রাজ্যে এর কোনও প্রভাব পড়েনি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাশ্রয়ী ব্যবহারের আহ্বানকে সামনে রেখে রাজ্যে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে এতে সংকটের কোনও ইঙ্গিত নেই বলেই তিনি স্পষ্ট করেন।


নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মজুত সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরে খাদ্যমন্ত্রী জানান, রেশনিং ব্যবস্থায় বর্তমানে ৮৪ দিনের চাল, ৫৭ দিনের গম, ২৮ দিনের চিনি এবং ৩৪ দিনের মুসুর ডাল মজুত রয়েছে। পাশাপাশি খোলা বাজারে চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, আলু, আটা, চিনি ও লবণের পর্যাপ্ত সরবরাহ বজায় রয়েছে।


এছাড়া, কেউ যদি কৃত্রিম সংকট তৈরি বা কালোবাজারির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। এ লক্ষ্যে নিয়মিত বাজার ও পেট্রোল পাম্প পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।


সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বড় ড্রামের মাধ্যমে জ্বালানি সরবরাহ মূলত বিভিন্ন উন্নয়নমূলক পরিকাঠামো প্রকল্পে ব্যবহারের জন্য দেওয়া হচ্ছে, যা মহকুমা শাসকদের অনুমোদিত স্লিপের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। ভবিষ্যতে এই ব্যবস্থায় আরও কঠোরতা আনা হবে বলেও তিনি জানান। শেষে খাদ্যমন্ত্রী রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলেন, “রাজ্যে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। আতঙ্কের কোনও কারণ নেই।”




Tripura Assembly News : শপথ নিলেন উপ নির্বাচনে জয়ী বিধায়ক জহর চক্রবর্তী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad