আগরতলা, ১৬ : পেট্রোল ভরাকে কেন্দ্র করে আগরতলার রাধানগর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আজ এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, এক অটোচালকের হামলায় গুরুতরভাবে আহত হন সিনিয়র সাংবাদিক বিজয় দেবনাথ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাইকে পেট্রোল ভরাতে গিয়ে ওই সাংবাদিকের সঙ্গে অটোচালকের বচসা বাধে। মুহূর্তের মধ্যেই তা হাতাহাতিতে রূপ নেয় এবং অভিযুক্ত অটোচালক নির্মমভাবে বিজয় দেবনাথের উপর হামলা চালায়। ঘটনায় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যান, যেখানে তাঁর চিকিৎসা চলছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যমের উপর এ ধরনের হামলাকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন বিভিন্ন মহল।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ‘জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা’, তাঁরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সংগঠনের সভাপতি বিক্রম কর্মকার এবং সাধারণ সম্পাদক মিঠুন আচার্যী এক যৌথ বিবৃতিতে বলেন, “ত্রিপুরায় সংবাদমাধ্যমের উপর এই ধরনের আক্রমণ অত্যন্ত উদ্বেগজনক। অবিলম্বে দোষীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।” এদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত অটোচালককে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে প্রশাসন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন