কাঞ্চনপুর , ২৯ সেপ্টেম্বর : উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে । সুশাসন মানে কি তা আপনারা সবাই অবগত আছেন । আমরা লক্ষ্য করেছি বিভিন্ন কারণে এখনও কিছু মানুষ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুযোগ সুবিধাগুলি সম্পর্কে সঠিকভাবে ওয়াকিবহাল নন । সরকারি বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুযোগ সুবিধা সরকার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে । এই লক্ষ্যেই রাজ্যে গ্রাম পঞ্চায়েত , ভিলেজ কমিটি স্তরে প্রতি ঘরে সুশাসন অভিযানে মেলা , শিবির অনুষ্ঠিত হচ্ছে । বৃহস্পতিবার জম্পুইহিলের বেলিয়ানচিপে জম্পুই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন ।
মুখ্যমন্ত্রী এদিন জম্পুই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানেই জম্পুই ব্লকভিত্তিক প্রতি ঘরে সুশাসন মেলা ও শিবিরের উদ্বোধন করেন । তাছাড়াও মুখ্যমন্ত্রী ভাংমুনে ভার্চুয়াল মাধ্যমে প্যারাগ্লাইডিং টেক অফ ও ল্যান্ডিং পয়েন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । মুখ্যমন্ত্রী বলেন , জম্পুইহিলে আসতে পেরে আমি খুশি । আপনারা আমাকে যেভাবে স্বাগত জানিয়েছেন তা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে । রাজ্য সরকারের পক্ষ থেকে ও নিজের পক্ষ থেকে তিনি সবাইকে ধন্যবাদ জানান ।
মুখ্যমন্ত্রী বলেন , জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে । রাজ্যের বেশিরভাগ অংশের মানুষের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছালেও কিছু মানুষের কাছে বিভিন্ন কারণে এগুলি এখনও পৌঁছানো যায়নি । শুধু জেলা , মহকুমা বা ব্লক স্তরে নয় , গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ স্তরে এসব সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে । এজন্যই এই উদ্যোগ ।
মুখ্যমন্ত্রী বলেন , কিছুদিন আগে আমরা দেশের স্বাধীনতা লাভের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব পালন করেছি । খুবই খুশির বিষয় হলো জম্পুই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টিও এবার ৭৫ বছরে পদার্পণ করেছে । মুখ্যমন্ত্রী বলেন , রাজ্য সরকার ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে রাজ্য সরকার উন্নয়নের কাজ করছে ।
মুখ্যমন্ত্রী বলেন , জম্পুইহিলে আজ প্যারাগ্লাইডিংয়ের সূচনা হলো । এটা অ্যাডভেঞ্চার ট্যুরিজমের একটি আকর্ষণীয় দিক । আগামীদিনে শুধু রাজ্য নয় বহির্রাজ্যের পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয় উঠবে এই প্যারাগ্লাইডিং কেন্দ্রটি ।
অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন , রাজ্য সরকার রাজ্যবাসীর সার্বিক কল্যাণে কাজ করছে । তিনি আশা প্রকাশ করেন জম্পুইহিলে প্যারাগ্লাইডিং চালু হওয়ায় এই পাহাড় পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান টিংকু রায় , উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক নাগেশ কুমার বি , জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে সহ পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জম্পুইহিল ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বিয়াকচুঙ্গনাঙ্গা ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন