আগরতলা, ১৬ সেপ্টেম্বর : ৫টি নতুন ডিগ্রি কলেজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যে সরকারি ও পিপিপি মডেলে ৫টি নতুন ডিগ্রি কলেজ খোলা হবে। এরমধ্যে ৩টি সরকারি ও ২টি পিপিপি মডেলের কলেজ হবে। চলতি শিক্ষা বর্ষ থেকে এই কলেজগুলি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানান।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যে পিপিপি মডেলে নতুন ডিগ্রি কলেজ খোলার জন্য দুটি বেসরকারি সংস্থা যথাক্রমে পশ্চিমবঙ্গের হাওড়ার আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি এবং আসামের ডাউনটাউন ট্রাস্টের সাথে রাজ্য সরকারের মউ স্বাক্ষরিত হয়। শিক্ষামন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের হাওড়ার আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি চলতি শিক্ষাবর্ষ থেকে জিরানীয়া এবং কাকড়াবনে নতুন ডিগ্রি কলেজ খোলার ইচ্ছা প্রকাশ করে। এরমধ্যে জিরানীয়ায় চালু হবে আইন কলেজ এবং তার জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে স্বীকৃতি পাওয়া গিয়েছে। তিনি জানান, জিরানীয়া আইন কলেজে ৫ বছরের বিএ এলএলবি ইন্টিগ্রেটেড প্রোগ্রাম, ৫ বছরের বিকম এলএলবি ইন্টিগ্রেটেড প্রোগ্রাম এবং ৩ বছরের এলএলবি কোর্স করার সুযোগ থাকবে শিক্ষার্থীদের।
সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, কাকড়াবনেও চালু হবে একটি সাধারণ ডিগ্রি কলেজ। ছাত্রছাত্রী ভর্তির জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তিনি জানান, পুরাতন আগরতলায়ও সম্পূর্ণ সরকারিভাবে একটি সাধারণ ডিগ্রি কলেজ খোলা হবে। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই কলেজ শুরু হচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, পানিসাগরেও চলতি শিক্ষাবর্ষ থেকে সরকারিভাবে প্রতি বিষয়ে ১০০ আসন নিয়ে একটি ডিগ্রি কলেজ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা, ইংরেজি, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সংস্কৃত, সোসিয়োলজি বিষয়গুলি থাকবে এই কলেজে।
শিক্ষামন্ত্রী জানান, পুরাতন ডায়েট কলেজে প্রতি বিষয়ে ৫০ আসন নিয়ে সম্পূর্ণ সরকারিভাবে একটি ইংরেজি মাধ্যম কলেজও চলতি শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে। এই ইংরেজি মাধ্যম কলেজের নাম শ্রী অরবিন্দ জেনারেল ইংলিশ মিডিয়াম ডিগ্রি কলেজ রাখা হয়েছে। সেখানে বাংলা, ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস, ইকোনমিক্স, সোসিয়োলজি বিষয় থাকবে।
সাংবাদিক সম্মেলনে সর্বশিক্ষার অন্তর্গত বিআরপি এবং সিআরপি সহ ৪৬১ জন ননটিচিং স্টাফের বেতন বৈষম্য প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, এখন থেকে তাদের গড়ে প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি করা হবে। পাশাপাশি বছরে তাদেরকে একটি ইনক্রিমেন্টও দেওয়া হবে। একই সঙ্গে ৪২২ জন ব্লক রিসোর্স পার্সন এবং ২৪৬ জন ক্লাস্টার রিসোর্স পার্সন নিয়োগ করা হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন