আগরতলা , ০২ অক্টোবর : যথাযোগ্য মর্যাদায় রবিবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয় । মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এদিন সকালে আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মূর্তি প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ , আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার , চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সন্তোষ সাহা , সচিব টি কে চাকমা , সদর মহকুমা শাসক অরূপ দত্ত , তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহঅধিকর্তা অমৃত দেববর্মা প্রমুখ ।
শ্রদ্ধা জ্ঞাপনের পর শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান , গান্ধীজী ছিলেন একজন আদর্শ ব্যক্তি ও সকলের জন্য পথ নির্দেশক । তিনি বলেন , গান্ধীজীর নীতিকে অনুসরণ করে রাজ্য সরকার সবকা সাথ , সবকা বিকাশ ও সবকা প্রয়াসে কাজ করছে । গান্ধীজীর পথকে অনুসরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভারত , শ্রেষ্ঠ ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন ।
গান্ধী জয়ন্তী উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ সকালে গান্ধীঘাটের গান্ধীবেদীতে এক অনুষ্ঠান আয়োজিত হয় । অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সর্বপ্রথমে গান্ধীবেদী প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন । এরপর পরিবেশিত হয় জাতীয় সংগীত । জাতীয় সংগীত পরিবেশনের পর মহাত্মা গান্ধীর শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ , আগরতলা পুরনিগমের মেয়র - ইন - কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য , সচিব তুষার কান্তি চাকমা , সদর মহকুমা শাসক অরূপ দেব সহ বিশিষ্টজনেরা ।
অনুষ্ঠানে গীতা , বাইবেল , কোরান ও ত্রিপিটক পাঠ করা হয় । গান্ধীঘাটে সাংবাদিকদের সাথে কথা বলার সময় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন , মহাত্মা গান্ধী এক নতুন ভারত গড়তে চেয়েছিলেন । যেখানে থাকবে না ধনী , দরিদ্র , উঁচু , নীচুর ভেদাভেদ ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন