নতুন দিল্লি, ১৮ এপ্রিল : কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজকের বৈঠকে মহার্ঘ্যভাতা (ডিএ) ২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৃদ্ধি চলতি বছরের ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে। ফলে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনপ্রাপকদের মহার্ঘ্যভাতার হার বেড়ে দাঁড়াচ্ছে ৬০ শতাংশে। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই সিদ্ধান্তের ফলে বছরে প্রায় ৬ হাজার ৭৯১ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে এবং এতে ৫০ লক্ষেরও বেশি কর্মচারী ও ৬৮ লক্ষের বেশি পেনশনভোগী উপকৃত হবেন।
এদিন মন্ত্রিসভা আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। “ভারত মেরিটাইম ইন্সিওরেন্স পুল” নামে একটি অভ্যন্তরীণ বীমা তহবিল গঠন করা হবে। প্রায় ১২ হাজার ৯৮০ কোটি টাকার বরাদ্দে গঠিত এই পুলের মাধ্যমে ভারতীয় বন্দর থেকে খনিজ তেলসহ বিভিন্ন পণ্য পরিবহণকারী জাহাজগুলির জন্য বীমা সুরক্ষা নিশ্চিত করা হবে।
এছাড়াও, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে জোর দিয়ে তৃতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-এর মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় গ্রামীণ কৃষি বাজার, উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং হাসপাতালের সঙ্গে সংযোগকারী সড়ক নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর জন্য সংশোধিত ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯৭৭ কোটি টাকা।
অন্যদিকে, জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী বিল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পাশ না হওয়ার পরপরই প্রধানমন্ত্রীর এই ভাষণকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন