ADC VC Election : ভিলেজ কমিটি নির্বাচনে ৮১.২১% ভোট, তিন আসনে পুনর্নির্বাচন, মাতাবাড়ি-অমরপুরে জারি ১৬৩ ধারা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

ADC VC Election : ভিলেজ কমিটি নির্বাচনে ৮১.২১% ভোট, তিন আসনে পুনর্নির্বাচন, মাতাবাড়ি-অমরপুরে জারি ১৬৩ ধারা

Share This


 আগরতলা, ২৯ সেপ্টেম্বর : ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের (এডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনে ৮১.২১ শতাংশ ভোট পড়েছে। সোমবার অনুষ্ঠিত ভোটগ্রহণের পর মঙ্গলবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান রাজ্য নির্বাচন কমিশনার ড. পি কে চক্রবর্তী। একই সঙ্গে মাতাবাড়ি আরডি ব্লকের গামারিয়া ভিলেজ কমিটির ৩ ও ৪ নম্বর আসন এবং অমরপুর আরডি ব্লকের পাহাড়পুর ভিলেজ কমিটির ৪ নম্বর আসনে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩ অক্টোবর এই তিন আসনে ভোটগ্রহণ হবে।


রাজ্য নির্বাচন কমিশনার জানান, এবারের নির্বাচনে ৫৮৭টি ভিলেজ কমিটিতে মোট ৯,৬১,৯৭৭ জন ভোটার ছিলেন। মনোনয়ন প্রক্রিয়া ও ১১ সেপ্টেম্বর নাম প্রত্যাহারের পর ১,৬৪৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাঁদের মধ্যে তিপ্রা মথার ১,৫৬১ জন, বিজেপির ৮১ জন, সিপিআই(এম)-এর একজন এবং একজন নির্দল প্রার্থী রয়েছেন। ফলে ৪৪টি আরডি ব্লকের ২,৯৫০টি আসনে ভোটগ্রহণ হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৮,১৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


ভোটগ্রহণের আগে নির্বাচনী কাজে নিযুক্ত আধিকারিক, নিরাপত্তাকর্মী ও অন্যান্য কর্মীদের মোট ৬,৬২৮টি ইডিভি ভোট পড়ে। ভোটের দিন বিকেল ৪টার পর রিটার্নিং অফিসারদের রিপোর্টে প্রাথমিকভাবে প্রায় ৭৯ শতাংশ ভোট পড়ার তথ্য পাওয়া যায়। তখনও বিভিন্ন কেন্দ্রে ১০,৮৫০ জন ভোটার লাইনে অপেক্ষা করছিলেন এবং তাঁদের স্লিপ দেওয়া হয়েছিল। পরবর্তীতে প্রিসাইডিং অফিসারদের ডায়েরির রিপোর্ট অনুযায়ী ভোটদানের হার দাঁড়ায় ৮১.০১ শতাংশ। এর সঙ্গে ইডিভি ভোট যোগ করে চূড়ান্ত ভোটদানের হার হয় ৮১.২১ শতাংশ।


আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ড. চক্রবর্তী জানান, অধিকাংশ ভোটকেন্দ্রেই পরিস্থিতি স্বাভাবিক ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কমিশনের কাছে মোট আটটি অভিযোগ জমা পড়েছে। এর অধিকাংশই পোলিং এজেন্টদের দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণে প্রতিবন্ধকতার অভিযোগ। বিষয়গুলি নিয়ে পর্যবেক্ষক ও রিটার্নিং অফিসারদের রিপোর্ট চাওয়া হয়েছে। কিছু অভিযোগের যথেষ্ট ভিত্তি না থাকায় নিষ্পত্তি করা হয়েছে; বাকি অভিযোগের তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে গোমতী জেলার মাতাবাড়ি ও অমরপুর ব্লকের এডিসি এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় বিধিনিষেধ জারি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা থেকে ২ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। উদয়পুর-মহারাণী এলাকায় অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা এবং যান চলাচল ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


আদেশ অনুযায়ী, পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল-সভা এবং নির্দিষ্ট ধরনের যানবাহনের সম্মিলিত চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে পুলিশ, সিএপিএফ, সংবাদমাধ্যম, নির্বাচনকর্মী, সরকারি-বেসরকারি অফিসের দৈনন্দিন কাজ, সাধারণ যাত্রী, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং বাজার-মান্ডির স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রমকে এর আওতার বাইরে রাখা হয়েছে। নির্দেশ অমান্য করলে বিএনএস-এর ২২৩ ধারায় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।


নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে ভোটার, নির্বাচনকর্মী, নিরাপত্তাবাহিনী এবং সংশ্লিষ্ট সব দপ্তরের আধিকারিক-কর্মীদের ধন্যবাদ জানান রাজ্য নির্বাচন কমিশনার। সাংবাদিক সম্মেলনে কমিশনের সচিব অনুরাগ সেনও উপস্থিত ছিলেন।





ADC VC Voting : ভিলেজ কমিটি নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি, আহত ৩, স্ট্রংরুমে ইটের আঘাতে জখম এসপি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad