আগরতলা, ১৪ সেপ্টেম্বর : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ২ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এরফলে কর্মচারীরা অতিরিক্ত ৫ দিন ছুটি উপভোগ করতে পারবেন। বুধবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্ৰী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি আরও জানান, রাজ্য মন্ত্রিসভায় ত্রিপুরা রাজ্যে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের অধীনে ত্রিপুরা স্টেট অর্গানিক প্রোডাক্ট সার্টিফিকেশন এজেন্সি (TSOPCA) নামে একটি জৈব শংসাপত্র সংস্থা (Organic Certification Agency) প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহন করেছে। এই জৈব শংসাপত্র সংস্থার মূল উদ্দেশ্য হল যুক্তিসঙ্গত খরচে জৈব চাষিদের মধ্যে জৈব শংসাপত্র প্রদান করা, যার মাধ্যমে কৃষকরা জৈব উপায়ে উৎপাদিত ফসল অধিক মূল্যে (Premium Price) বাজারজাত করতে পারবে। এখন জৈব চাষিদের জৈব শংসাপত্রের জন্য বহিরাজ্যের জৈব শংসাপত্র সংস্থা (Organic Certification Agency) উপর নির্ভর করতে হয়। কিন্তু এই সংস্থা প্রতিস্থাপনের পর কৃষকরা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শংসাপত্র লাভ করতে পারবে।
তথ্য ও সংস্কৃতি মন্ত্ৰী আরও জানান, সাব্রুমে ইন্টিগ্রেটেড চেকপোস্ট তৈরি করার জন্য ৫২টি স্থায়ী পরিবারকে অন্যত্র পুনর্বাসন দেওয়ার জন্য আজকের মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরিবারগুলিকে রাজস্ব দপ্তরের মাধ্যমে ২.০৮ একর জায়গা প্রদান করা হবে। তাঁদের প্রত্যেককে সাব্রুম মহকুমার অন্তর্গত পূর্ব জলেফা ও দৌলবাড়ি মৌজায় খাস জমির বন্দোবস্ত প্রদান করা হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন