আগরতলা , ২৩ সেপ্টেম্বর : আগরতলার পুষ্পবন্ত প্রাসাদে ডিজিটাল মিউজিয়াম গড়ে তোলা হবে । এজন্য ভারত সরকারের কাছ থেকে ৪০ কোটি টাকা পাওয়া গেছে । আজ গীতাঞ্জলি পর্যটন নিবাসের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন । তিনি জানান আগামী ১৪ অক্টোবর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুমুকে দিয়ে পুষ্পবন্ত প্রাসাদে ডিজিটাল মিউজিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করার পরিকল্পনা রয়েছে ।
পর্যটনমন্ত্রী বলেন , ত্রিপুরা ছোট্ট রাজ্য হলেও এখানে রয়েছে পর্যটন শিল্পের বিকাশের বিশাল সম্ভাবনা । প্রাকৃতিক সৌন্দর্য , প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জল পাহাড়ের অপরূপ সঙ্গমস্থল হচ্ছে ত্রিপুরা । উত্তর পূর্ব ভারতের ১০ টি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে ৮ টি আমাদের রাজ্যের । ধর্মীয় পর্যটনের অন্যতম আকর্ষণ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে । তাছাড়াও রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমুড়া , নারকেলকুঞ্জ , ডম্বুর জলাশয়কে আকর্ষণীয় করে তোলা হচ্ছে । নারকেলকুঞ্জে হেলিপ্যাড হয়েছে । ডম্বুর জলাশয়ে ফ্লোটিং জেটি চালু করা হয়েছে । খুব শীঘ্রই চালু হবে হাউস বোট ।
সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী জানান , রাজ্যের আকর্ষণীয় পর্যটনকেন্দ্রগুলিতে পর্যটকদের রাত্রি বাসের জন্য লগহাট চালু করা হচ্ছে । রাজ্যে হাতাইকতর ইকোপার্ক , টেপানিয়া ইকোপার্ক ও সিপাহীজলায় ১৬ টি লগহাট চালু রয়েছে । নারকেলকুঞ্জে ১৫ টি লগহাট নির্মাণের কাজ শেষ হয়েছে । ডম্বুরে ৮ টি ও ছবিমুড়ায় ৬ টি লগহাট নির্মাণের কাজ চলছে । প্রসাদ প্রকল্পে ভুবনেশ্বরী মন্দির ও তীর্থমুখকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হবে । উজ্জয়ন্ত প্রাসাদে খুব শীঘ্রই লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম চালু হবে । পর্যটকদের স্বাগত জানাতে ত্রিপুরা প্রস্তুত ।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটনমন্ত্রী দেশ বিদেশের পর্যটকদের ত্রিপুরা ভ্রমণের আহ্বান জানান । তিনি বলেন , ২০১৮ সালের পর থেকে রাজ্যে পর্যটকদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে । রাজ্যে দেশের ও বিদেশের পর্যটকদের ভ্রমণের সংখ্যা বেড়েছে প্রায় ৫০ শতাংশ । রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে স্বদেশ দর্শন - টু প্রকল্পে ভারত সরকারের কাছ থেকে ১০০ কোটি টাকা পাওয়া গেছে । তাছাড়াও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কাছ থেকে পাওয়া গেছে ২০০ কোটি টাকা । তিনি বলেন , উপযুক্ত আবহাওয়া থাকলে আগামী ২৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ভাংমুনে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের অঙ্গ হিসেবে প্যারা গ্লাইডিংয়ের সূচনা করবেন ।
সাংবাদিক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী বলেন , আগামী ২৭ সেপ্টেম্বর রাজ্যে এক নতুন ভাবনায় বিশ্ব পর্যটন দিবস -২০২২ উদযাপন করা হবে । এবারের বিশ্ব পর্যটন দিবসের থিম হচ্ছে ‘ রি - থিঙ্কিং ট্যুরিজম ' । এই ভাবনার আবহে রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে ।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন , পর্যটন শব্দটির সাথে সমগ্র বিশ্বের মানুষ যুক্ত । কিন্তু বিগত কয়েক বছর করোনা অতিমারীর কারণে পর্যটন শিল্পের উপর আঘাত নেমে এসেছিল । তাই ২০২২ সালের বিশ্ব পর্যটন দিবস উদযাপনে এসেছে এক নতুন ভাবনা । রি - থিঙ্কিং ট্যুরিজমের ভাবনায় বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হচ্ছে ।
সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী জানান , রাজ্যে বিশ্ব পর্যটন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে । গতকাল থেকে হোম স্টে - র উপর সেমিনারের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়েছে । এরমধ্যে রয়েছে সেমিনার , বাইক র্যালি , সাইকেল র্যালি ও অ্যাডভেঞ্চার ট্যুরিজমের প্রদর্শন ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন