আগরতলা, ১৩ অক্টোবর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দু'দিনের সফর শেষে আজ সকালে রাজ্য ত্যাগ করেন। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন ও পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ।
এদিন উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মায়ের মন্দিরে পূজা দিয়ে দেশবাসীর মঙ্গল কামনায় আশীর্বাদ প্রার্থনা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি ত্রিপুরাসুন্দরী মায়ের উদ্দেশ্যে শাড়ি, চূর্ণী, শাঁখা, সিঁদুর, আলতা উৎসর্গ করেন। এই উপলক্ষে এদিন মায়ের মন্দিরে রাষ্ট্রপতির হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রসাদ প্রকল্পে নির্মিত মায়ের মন্দিরের কাজের অগ্রগতি সম্পর্কেও এদিন খোঁজখবর নেন রাষ্ট্রপতি।
মায়ের মন্দিরে পূজা দেওয়ার সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তাঁর কন্যা ইতিশ্রী মুর্মু, পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার জেলাশাসক গোভেকর ময়ূর রতিলাল সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন