আগরতলা, ২১ এপ্রিল : সোমবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৭তম সিভিল সার্ভিসেস দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের গোমতী জেলা এবং ধলাই জেলার গঙ্গানগর ব্লককে পি.এম.-এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করেন। এই অনুষ্ঠানে তিনি দেশের জেলাগুলির সামগ্রিক উন্নয়ন, অ্যাসপিরেশনাল ব্লক কর্মসূচী এবং উদ্ভাবন বিভাগে মোট ১৪ টি পুরস্কার প্রদান করেন।
উল্লেখ্য, জেলার সামগ্রিক উন্নয়ন বিভাগে গোমতী জেলা এবং অ্যাসপিরেশনাল ব্লক প্রোগ্রামে উৎকর্ষতার জন্য ধলাই জেলার গঙ্গানগর ব্লক এই পুরস্কার লাভ করে। গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা এবং ধলাই জেলার জেলাশাসক সাজু বাহিদ এ এই পুরস্কার গ্রহণ করেন।
সপ্তদশ সিভিল সার্ভিস দিবস উপলক্ষে নতুন দিল্লীতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের সামগ্রিক উন্নয়নকে গুরুত্ব দেওয়ায় গত ১০ বছরে ভারত অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী হয়েছে। সার্বিক উন্নয়নের অর্থ প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল, গুণমান সম্পন্ন শিক্ষা নতুন উদ্যোক্তাদের আর্থিক সুবিধা প্রদান এবং প্রতিটি গ্রামে ডিজিটাল অর্থনীতির সুবিধা পৌঁছে দেওয়া। দেশের যুব, কৃষক ও মহিলাদের উচ্চাকাঙ্ক্ষা পূরণে অভূতপূর্ব গতির প্রয়োজন বলে প্রধানমন্ত্রী জানান।
এদিকে ত্রিপুরার জন্য মর্যাদাপূর্ণ দুটি পুরস্কার প্রাপ্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা গোমতী ও ধলাই জেলার জনগণ ও জেলাশাসক সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন