নতুন দিল্লি, ২৩ এপ্রিল : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছেন। এর পর তিনি এই জঙ্গী হামলায় আহতদের দেখতে হাসপাতালে যান এবং আহতদের সঙ্গে কথা বলেন। তিনি এদিনের ঘটনাক্রম সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত হন।
পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনন্তনাগের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের বেদনা অনুভব করছেন প্রত্যেক ভারতীয়। ক্ষতিগ্রস্ত পরিবার এবং গোটা দেশকে আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন, নিরীহ মানুষদের ওপর যারা নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। শ্রীনগরে পুলিশ কন্ট্রোল রুমে আজ নিহতদের দেহে পুষ্পস্তবক দিয়েও শ্রদ্ধা জানান তিনি।
উল্লেখ্য, পহেলগাঁওয়ে গতকালের জঙ্গি হামলায় দুই স্থানীয় বাসিন্দা-সহ ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা তিন হামলাকারীর স্কেচ প্রকাশ করেছে। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার আবেদনে জম্মু-কাশ্মীরের সব সরকারী অফিসের কর্মচারীরা আজ বিকেল সাড়ে তিনটেয় দু মিনিটের নীরবতা পালন করেন।
অপরদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত আপসহীন নীতি গ্রহণ করেছে। নতুনদিলল্লীতে আজ বিমানবাহিনীর মার্শাল অর্জন সিং-এর স্মরণে আয়োজিত এক সভায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই আক্রমণের বিরুদ্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। হামলাকারীদের উপযুক্ত জবাব দিতে সরকার সবরকম প্রচেষ্টা চালাবে।
পহেলগাঁওয়ে গতকালের জঙ্গি হামলার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার কড়া ভাষায় নিন্দা করেছেন। এই নৃশংস হামলায় প্রাণহানি ঘটনায় গভীর শোক প্রকাশ করে সমাজ মাধ্যমে এক বার্তায় ইউনুস বলেন, বাংলাদেশ সন্ত্রাসবাদের কড়া সমালোচনা করে। এই ধরনের নারকীয় কাজ কোনোমতেই সমর্থন করে না। বাংলাদেশের বিদেশ মন্ত্রক পৃথক এক বিবৃতিতে জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলায় নিরীহ মানুষের প্রাণহানীতে শোক প্রকাশ করে এক বার্তায় জানিয়েছে, গোটা বিশ্বের সন্ত্রাসবাদের সঙ্গে কোনোরকম আপোষ করে না তার দেশ।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন